`পদ্মা’র পর নৌবাহিনীর হাতে এবার যুদ্ধজাহাজ ‘সুরমা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শিপইয়ার্ডে নির্মিত দ্বিতীয় যুদ্ধজাহাজ ‘সুরমা’ বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নৌবাহিনী-প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এনডিসি, পিএসসি বলেন, ‘সমুদ্রসীমা বেড়ে যাওয়ায় যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। আর এই যুদ্ধজাহাজ নির্মাণে খুলনা শিপইয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমরা জাতীয়ভাবে গর্ব বোধ করি।’ খুব শিগগির খুলনা শিপইয়ার্ড আরও যুদ্ধজাহাজসহ আধুনিক জাহাজ তৈরিতে ভূমিকা রাখবে বলেও জানান নৌবাহিনীর প্রধান। নৌবাহিনী-প্রধান আরও বলেন, ‘বিগত সময় যুদ্ধজাহাজের জন্য আমাদের দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করে সম্পূর্ণ বিদেশের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে খুলনা শিপইয়ার্ড লিমিটেড যুদ্ধজাহাজ নির্মাণ করে জাতির সামনে নতুন আশার সঞ্চার করেছে। ভবিষ্যতে তারা বিদেশেও জাহাজ রপ্তানি করবে।’ ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পাঁচটি যুদ্ধজাহাজের কিল লেইং করেন, সেগুলোর মধ্যে দ্বিতীয় যুদ্ধজাহাজটি আজ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ৫০ দশমিক ৪০ মিটার দীর্ঘ, ৭ দশমিক ৫০ মিটার প্রশস্ত ও ৪ দশমিক ১০ মিটার গভীরতার এই জাহাজটি সমুদ্রসীমা রক্ষা, চোরাচালান রোধ, মত্স্যসম্পদ সংরক্ষণ, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলাসহ জাতীয় প্রতিরক্ষায় ভূমিকা পালন করবে। গত বছরের ৮ অক্টোবর প্রথম যুদ্ধজাহাজ ‘পদ্মা’ পানিতে ভাসানো হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর রিয়াজ উদ্দিন আহমেদ। এ সময় সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, চায়না শিপ বিল্ডিং অ্যান্ড অপশোর ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের প্রতিনিধি ও খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।